
বাংলা রিডার ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) রাতে হাসপাতালের বাইরে সাংবাদিকদের ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী। তিনি জানান, কয়েক মাস ধরেই খালেদা জিয়া ঘন ঘন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি হঠাৎ একাধিক সমস্যা দেখা দেওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অধ্যাপক সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। তার আগে থেকেই হার্টে পেসমেকার ও স্টেন্ট রয়েছে। পাশাপাশি ‘মাইট্রোস্টেনোসিস’ নামের একটি জটিলতাও আছে। এসব কারণে ফুসফুস ও হার্ট একসঙ্গে আক্রান্ত হয়ে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়।
হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয়েছে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি অ্যান্টিবায়োটিকসহ চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী ১২–২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি বর্তমানে কেবিনে থাকলেও আছেন উচ্চমাত্রার ইন্টেন্সিভ পর্যবেক্ষণে। তাকে রাত ৮টার দিকে ভর্তি করা হয়।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের বৈঠকে অধ্যাপক এফএম সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান ও যুক্তরাষ্ট্রের জন হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরা অংশ নেন।
বোর্ড সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ে অতিরিক্ত উৎকণ্ঠার কিছু নেই; নিয়মিত চিকিৎসা চলছে। প্রয়োজন অনুসারে পরবর্তী বোর্ড মিটিংয়ে চিকিৎসা পরিকল্পনা পরিবর্তন হতে পারে। লন্ডন থেকে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চক্ষুসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তিনি গত ৭ জানুয়ারি লন্ডনে চিকিৎসার জন্য যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন।



