বাউবি’র চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে কেন্দ্রের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চাঁদপুরে নবনির্মিত এই উপ-আঞ্চলিক কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ সহজতর করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. আবদুল মাননান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদুর রহমান এবং এনসিপি জেলা সমন্বয়ক মাহবুব আলম।

এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

অনুষ্ঠানে চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ইব্রাহিম খলিলসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপাচার্য ও অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

 

বিজ্ঞাপন

Recommended For You