দাবি আদায়ে আজ থেকে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা

বাংলা রিডার ডেস্ক:
ন্যায্য দাবি আদায়ে টানা নয় দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। কিন্তু সরকারের সর্বশেষ প্রস্তাবকে ‘অপর্যাপ্ত ও অবমাননাকর’ উল্লেখ করে তারা আজ সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন শুরু করেছেন।

গতকাল (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, বাজেট সীমাবদ্ধতার কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাসিক বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) প্রদান করা হবে।

তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষকরা আজ সকাল থেকেই শহীদ মিনারে আমরণ অনশনে বসেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে শত শত শিক্ষক অবস্থান করছেন, কেউ স্লোগান দিচ্ছেন, কেউ আলোচনায় ব্যস্ত।

শিক্ষক শামসুল রহমান মিঞা জানান, “সরকারের দেওয়া প্রস্তাব আমাদের সঙ্গে চরম অবমাননা। এখন আর কোনো আলোচনার জায়গা নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।”

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছিল সরকার। তবে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা আন্দোলনের ঘোষণা দেন। পরে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা কমপক্ষে ২ বা ৩ হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।

গত রবিবার বিকেলে ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষাবিভাগের দিকে রওনা হলে হাইকোর্টের মাজার গেট এলাকায় পুলিশ ও বিজিবির বাধায় শিক্ষকদের মিছিল থেমে যায়। পরে তারা শহীদ মিনারে ফিরে এসে আবার অবস্থান কর্মসূচি শুরু করেন।

সন্ধ্যায় সেখানে আয়োজিত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী আজ থেকে আমরণ অনশনের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

Recommended For You