২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট

বাংলা রিডার ডেস্ক
আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপে এক হাজার ১১৩, তৃতীয় ধাপে এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি, পঞ্চম ধাপে ৩৫৬ ইউনিয়নে ভোট হবে।

কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।

সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তফসিল ঘোষণা করবেন।

ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের প্রথমার্ধে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।

ধাপগুলো হলো প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।

বিজ্ঞাপন

Recommended For You