চ্যাটজিপিটিতে ‘হেলথ’ ফিচার চালু করল ওপেনএআই

বাংলা রিডার ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে ‘হেলথ’ নামে নতুন একটি সুবিধা চালু করেছে।

নতুন এ ফিচারের মাধ্যমে স্বাস্থ্যসংক্রান্ত সাধারণ তথ্য, নির্ভরযোগ্য দিকনির্দেশনা এবং চিকিৎসাসেবা-সম্পর্কিত তথ্য আরও সহজ ও সুসংগঠিতভাবে পাওয়ার সুযোগ তৈরি হবে। ব্যবহারকারীদের স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের ক্ষেত্রে আরও প্রাসঙ্গিক ও তথ্যভিত্তিক উত্তর দিতে এ সুবিধা যুক্ত করা হয়েছে।
এর মাধ্যমে চ্যাটজিপিটিকে সরাসরি ‘অ্যাপল হেলথ’ এবং নির্দিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মেডিকেল রেকর্ডের সঙ্গে যুক্ত করা যাবে, যা ব্যবহারকারীদের আরও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য বিষয়ক তথ্য ও সহায়তা দেবে।

নতুন এই ফিচারটি যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১৮ বছর বা তার বেশি বয়সি নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ওয়েবের পাশাপাশি আইওএস ডিভাইসে চ্যাটজিপিটির ফ্রি, গো, প্লাস এবং প্রো গ্রাহকরা চ্যাটজিপিটির সাইডবারের ‘হেলথ’ সেকশন থেকে এটি ব্যবহার করতে পারবেন।

ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীরা সম্পূর্ণ নিরাপত্তাবেষ্টনীর মধ্যে তাদের ওষুধ সেবনের তালিকা, ল্যাব টেস্টের ফলাফল, চিকিৎসকের কাছে সাম্প্রতিক পরিদর্শনের তথ্য, ঘুমের তথ্য ও শারীরিক কর্মকাণ্ডের উপাত্ত চ্যাটজিপিটিতে যুক্ত করতে পারবেন। এরপর চ্যাটজিপিটি এসব উপাত্ত বিশ্লেষণ করে সময়ের সাথে ল্যাব ফলাফলের তুলনা করা, পূর্ববর্তী অ্যাপয়েন্টমেন্টের পর শারীরিক পরিবর্তনের সারসংক্ষেপ তৈরি করা এবং দৈনন্দিন অভ্যাসের সঙ্গে স্বাস্থ্যের উপাত্তের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে।

তবে প্রতিষ্ঠানটি জোর দিয়ে বলেছে, এই সেবাটি কোনো পেশাদার চিকিৎসকের বিকল্প নয়; বরং ব্যবহারকারীদের তথ্য ব্যবস্থাপনায় সহায়তা করা এবং একই তথ্য বারবার ইনপুট দেওয়ার ঝামেলা কমানোই এর মূল উদ্দেশ্য।

ওপেনএআই-এর তথ্যমতে, বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে ৩০ কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেন। এই বিশাল চাহিদার কথা মাথায় রেখেই আলাদা কোনো অ্যাপ তৈরি না করে দৈনন্দিন বার্তার অভিজ্ঞতাতেই এই স্বাস্থ্য প্রযুক্তিটি যুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিষয়ক আলাপ আরও নিখুঁত করতে মডেলগুলোতেও বিশেষ জোর দিয়েছে ওপেনএআই। বিনামূল্যে ব্যবহারযোগ্য ফ্রি প্লাগইনে থাকা ‘জিপিটি-৫.৫ ইন্সট্যান্ট’ মডেলটিকে উন্নত করা হয়েছে, যাতে এটি জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা দ্রুত শনাক্ত করতে পারে, অনিশ্চিত বিষয়গুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারে এবং জটিল চিকিৎসা পরিভাষাগুলোকে সহজভাবে উপস্থাপন করতে পারে।

অন্যদিকে, পেইড বা প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করা হয়েছে ‘জিপিটি-৫.৬ সোল’। প্রতিষ্ঠানটির দাবি, জটিল শারীরিক সমস্যা বা চিকিৎসার জটিল প্রশ্নের সঠিক যুক্তি ও উত্তর দিতে সক্ষম এটিই তাদের সবচেয়ে উন্নত এআই মডেল।

মেডিকেল সম্পর্কিত তথ্য নির্ভুল কিনা, এর নিরাপত্তা পর্যবেক্ষণ, সঠিক উপস্থাপন এবং গুরুতর স্বাস্থ্য সমস্যা সঠিকভাবে শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করতে শত শত চিকিৎসকের পরামর্শ নিয়ে মডেলটি প্রস্তুত করা হয়েছে।

গোপনীয়তা ও ডেটা সুরক্ষা
ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে বলে দাবি ওপেনএআই-এর। সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত অ্যাপল হেলথের উপাত্ত, মেডিকেল রেকর্ড এবং এসব তথ্যের ওপর ভিত্তি করে করা কথোপকথনগুলো এআই মডেলের ট্রেনিং বা কোনো বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হবে না।

পাশাপাশি, স্বাস্থ্যের যাবতীয় সংবেদনশীল তথ্য সাধারণ চ্যাটজিপিটির কথোপকথন থেকে সম্পূর্ণ আলাদা থাকবে এবং এতে অতিরিক্ত এনক্রিপশন সুরক্ষা দেওয়া হবে।

ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি ছাড়া চ্যাটজিপিটি কোনো তথ্য অ্যাক্সেস করতে পারবে না। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় তাদের হেলথ অ্যাকাউন্ট ডিসকানেক্ট করতে পারবেন।

অ্যাকাউন্ট বিচ্ছিন্ন করার ৩০ দিনের মধ্যে ওপেনএআই-এর সিস্টেম থেকে সমস্ত ডেটা মুছে ফেলা হবে, তবে ব্যবহারকারী নিজে না মোছা পর্যন্ত চ্যাটের পুরনো ইতিহাস অক্ষত থাকবে। এ ছাড়া, যুক্ত করা স্বাস্থ্য রেকর্ড থেকে এআই নিজে থেকে কোনো ‘মেমোরি’ তৈরি করবে না এবং বাড়তি সুরক্ষার জন্য ‘টেম্পোরারি চ্যাট’ ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে।

বর্তমানে ফিচারটি অ্যাপল হেলথ ছাড়াও যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু হাসপাতাল নেটওয়ার্ক, ‘ওয়ান মেডিকেল’ এবং ‘ফাংশন হেলথ’-এর সিস্টেমে সাপোর্ট করছে। যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশ কিংবা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ওপেনএআই।

সূত্র: সামা টিভি

বিজ্ঞাপন

Recommended For You