
বাংলা রিডার ডেস্ক
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক এই শিরোপা জয়ে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বইছে উচ্ছ্বাসের জোয়ার।
চ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে হাতিরঝিলে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালদ্বীপের মালে থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে দলটি রওনা দিয়েছে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
দলকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বাফুফের কর্মকর্তারা।
বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করার পর ফুটবলারদের হাতিরঝিল এম্ফিথিয়েটারে নেওয়া হবে। সেখানে আলো ঝলমলে পরিবেশে সম্মাননা প্রদানের অনুষ্ঠান আয়োজন করেছে বাফুফে। বাংলাদেশ নারী দল এশিয়া কাপে উঠার পরও এখানে গভীর রাতে অনুষ্ঠান করেছিল ফেডারেশন।
ওই অনুষ্ঠানে ফুটবলারদের কোনো অর্থ পুরস্কার দেওয়া হয়নি। যা নিয়ে খানিকটা সমালোচনা হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে দেড় কোটি টাকা প্রদানের ঘোষণা করেছিল। দেড় বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাফুফে এখনও পূরণ করতে পারেনি। এবার সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলের জন্য বাফুফে কোনো আর্থিক ঘোষণা দেয়নি, তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা দিলেও অর্থের পরিমাণ প্রকাশ করেননি।



