হরমুজে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজে হামলা হবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলা রিডার ডেস্ক

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশসহ ৬টি দেশের বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।

তিনি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি; বরং জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করেছে, যাদের অনেককেই তেহরান মিত্র হিসেবে বিবেচনা করছে।

আরাগচির ভাষ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সিদ্ধান্ত নিয়েছে—চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে না। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ বিষয়ে সমন্বয়ও হয়েছে বলে তিনি দাবি করেন। এমনকি চলমান সংঘাত শেষ হওয়ার পরও এই দেশগুলোর জাহাজ হরমুজে নিরাপদ চলাচলের সুযোগ পাবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রইসরায়েল-এর সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজে নিয়ন্ত্রণ আরোপ করে ইরান, যার ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ও তেলের দাম বৃদ্ধির প্রভাব দেখা গেছে।

এর আগে ইরান জানিয়েছিল, এই অবরোধ কেবল ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোর জন্য প্রযোজ্য হবে। মিত্র বা নিরপেক্ষ দেশগুলোর জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না।

তবে নিরাপত্তা নিশ্চিত থাকলেও কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।

এদিকে ইরানি সংবাদমাধ্যম ‘ফার্স’ জানিয়েছে, হরমুজ দিয়ে চলাচলকারী সব বিদেশি জাহাজের জন্য টোল আরোপের পরিকল্পনা করছে দেশটির পার্লামেন্ট। এ বিষয়ে আইনের খসড়া প্রণয়নের কাজও শুরু হয়েছে।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

Recommended For You