দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনা: নিহত ২৫, নিখোঁজ এখনও ৮

বাংলা রিডার ডেস্ক

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন, তবে এখনও অন্তত ৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। ফেরিঘাটের পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে প্রায় ৬০ ফুট গভীরে তলিয়ে যায়। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর রাত ১২টা ৩৮ মিনিটে বাসটি পানির নিচ থেকে তোলা সম্ভব হয়। বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন।

উদ্ধারকারী দল ও স্থানীয়দের সহায়তায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।

বাসের ভেতর থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ১১ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর মধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে ২২ জন, স্থানীয়দের মাধ্যমে উদ্ধার হওয়া ২ জনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয় এবং নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার করেন ১ জন।

এখনও আনুমানিক ৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও ১০ জন ডুবুরি অংশ নেন। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সদস্যরাও যৌথভাবে অভিযান পরিচালনা করছেন।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

Recommended For You