
বাংলা রিডার ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রামে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হলেও উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটে। সংঘর্ষে চবি’র প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হন। আহতদের তালিকায় রয়েছেন এক সংবাদপত্রের প্রতিনিধি আরাফও, যিনি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও হামলার শিকার হন।
চবি চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী, মো. লিখন রাজ, বলেন, “গতকাল রাতে আমাদের ওপর হামলা চালানো হয়। আজ দুপুর ১২টার দিকে আমরা শান্তিপূর্ণভাবে সমঝোতার জন্য গেলে, তারা আবার হামলা করে। এতে আমাদের অনেকেই আহত হন।”
বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে, এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।



