
বাংলা রিডার ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
জেলার সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, উদ্ধার হওয়া দুই নারীর মরদেহ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটি ফেরিতে ওঠার জন্য পন্টুনে উঠছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে দ্রুত তলিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ১১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের মধ্যে অনেকেই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। তবে ঘটনাস্থলের পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি ডুবুরি দলও নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এখনো পানির নিচে থাকা বাসটি শনাক্ত বা উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে, ঘটনাস্থলে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।



