
বাংলা রিডার ডেস্ক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রণালয়) জাহেদ উর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে দেশের জ্বালানি তেলের দাম বাড়বে না।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ের বৈশ্বিক সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতি বাংলাদেশের উপরও প্রভাব ফেলছে। তিনি মানুষের মধ্যে প্যানিক বায়িং বা অতিরিক্ত তেল মজুতে প্রবণতা রোধ করার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, পাম্প মালিকদের জন্য জ্বালানি মজুতে রাখা অতটা লাভজনক হবে না, কারণ দাম বাড়ছে না।
জাহেদ উর রহমান আরও বলেন, তেলের সাপ্লাই চেইন ও স্টোরেজ সঠিকভাবে বজায় রাখা সরকারের দায়িত্ব। প্যানিক বায়িং মূলত মানুষের নিরাপত্তা চেতনা ও ভীতি থেকে উদ্ভূত। ঈদের আগে তেল সরবরাহের সময় স্বাভাবিক চাহিদার চেয়ে দ্রুত শেষ হওয়ার ঘটনাকে তিনি জনগণের অসচেতনতা এবং ভীতির কারণে উল্লেখ করেন, যা মিস ম্যানেজমেন্টের কারণে হয়নি।
উপদেষ্টা বলেন, সরকার অভ্যন্তরীণভাবে তেলের দাম বাড়াতে পারত, কিন্তু ক্রমবর্ধমান ইনফ্লেশনের প্রভাবকে মাথায় রেখে তা করা হয়নি। এছাড়া, সরকার স্পট মার্কেট থেকে গ্যাস ক্রয় করছে এবং কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির কারণে সরবরাহ সীমিত হতে পারে।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।



