
বাংলা রিডার ডেস্ক
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেফতার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন। বিষয়টি শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার তথ্য অনুযায়ী, ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত এই সেনা কর্মকর্তা ‘ফাইভ এম ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটির মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ১১ মার্চ তারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
এর আগে, গত সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন পল্টন থানায় দায়ের করা মানব পাচার সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
পুলিশের আবেদনের পর ওই মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ডিবির তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।



