পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটসহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

বাংলা রিডার ডেস্ক
পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়াবিষয়ক পাঠ ও ব্যবহারিক কার্যক্রম অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত জাতীয় শিক্ষাক্রমে এসব খেলা অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সারাদেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নসংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয় গঠিত কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় চতুর্থ শ্রেণি থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার—এই সাতটি ক্রীড়া জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ পরিপ্রেক্ষিতে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত এসব ইভেন্ট শিক্ষাক্রমে যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You