ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

বাংলা রিডার ডেস্ক
ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ও হাইফা বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, এসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোররাত থেকেই ড্রোন হামলা শুরু হয়। ইরানের দাবি অনুযায়ী, বেন গুরিয়ান বিমানবন্দরে বিমান জ্বালানি সরবরাহ সংশ্লিষ্ট অবকাঠামো ছিল হামলার প্রধান লক্ষ্য।

ইরানের সামরিক বাহিনী আরও জানায়, বিমানবন্দর সংলগ্ন এলাকা এবং হাইফা বন্দরের আশপাশে অবস্থিত সামরিক ও মহাকাশ শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে একই দিনে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে—বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে—ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করা হয়েছে।

বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান হামলায় সংযুক্ত আরব আমিরাতের এক সেনা সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এই হামলার জন্য তারা ইরানকে দায়ী করেছে।

সূত্র: আল জাজিরা।

বিজ্ঞাপন

Recommended For You