
বাংলা রিডার ডেস্ক
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষসহ ফেনী, হবিগঞ্জ ও দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদের আনন্দঘন সময়ে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবনই মূল্যবান, আর প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী জানান, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য সহ্য করা হবে না। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন খাতে বিদ্যমান দুর্বলতা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে কুমিল্লার একটি রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
কুমিল্লার রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে—এর মধ্যে দুটি রেলওয়ে কর্তৃপক্ষ এবং একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রতিটি কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্ত শেষে আরও পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের প্রতিও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।



