
বাংলা রিডার ডেস্ক
চলতি বছরের সেপ্টেম্বর মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বনির্ধারিত এই সিরিজটি আগে স্থগিত হয়ে গেলেও নতুন করে তা আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
জানা গেছে, ২০২৫ সালে স্থগিত হওয়া সিরিজটি আগামী আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে আয়োজন করতে চায় বিসিবি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসবে ভারতীয় দল। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।
ভারতের বিপক্ষে এই সিরিজ আয়োজনের কারণেই আয়ারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সিরিজ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল বিসিবি। তবে ব্যস্ত সূচির কারণে সেই প্রস্তাবে সাড়া দিতে পারেনি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৭ সালে এই সিরিজ আয়োজনের নতুন সময় খোঁজা হতে পারে।
এদিকে, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এক ধাপ এগিয়েছে টাইগাররা।



