
বাংলা রিডার ডেস্ক
ইরানে সম্ভাব্য স্থল হামলা চালানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। শনিবার (২১ মার্চ) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তারা ইরানে স্থল অভিযান চালানোর সম্ভাবনা মাথায় রেখে বিস্তারিত পরিকল্পনা প্রস্তুতের নির্দেশনা দিয়েছেন। এসব পরিকল্পনায় যুদ্ধক্ষেত্রের কৌশল থেকে শুরু করে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার নানা দিক অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে ইরানে সেনা পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতির অগ্রগতির ওপর নির্ভর করে তিনি ভবিষ্যৎ পদক্ষেপ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার ট্রাম্প প্রকাশ্যে বলেন, তিনি ইরানে স্থল সেনা পাঠাতে চান না। যদিও পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ইঙ্গিত দেন, প্রয়োজন হলে এমন সিদ্ধান্ত গোপন রাখা হতে পারে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট এক বিবৃতিতে জানান, বিভিন্ন সামরিক বিকল্প প্রস্তুত রাখা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব। এর অর্থ এই নয় যে, প্রেসিডেন্ট ইতোমধ্যে স্থল হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
প্রস্তুত পরিকল্পনাগুলো অত্যন্ত বিস্তারিত বলে জানা গেছে। সম্ভাব্য অভিযানে ইরানের সেনা ও প্যারামিলিটারি সদস্যদের আটক করা হলে তাদের ব্যবস্থাপনা, স্থানান্তর এবং হেফাজত সংক্রান্ত বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাজ্যও। দেশটি কয়েক হাজার মেরিন সেনা ওই অঞ্চলে পাঠানো শুরু করেছে, যারা আগামী এক সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিবিএস নিউজ



