
বাংলা রিডার ডেস্ক
স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি আর থাকবে না। এর পরিবর্তে সহজ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনি বলেন, “সামনের বছর থেকে ভর্তিতে লটারি তুলে দেওয়া হলো। খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে, কোনো প্রতিযোগিতামূলক চাপ সৃষ্টি করা হবে না। লটারি কোনো শিক্ষাব্যবস্থার অংশ হতে পারে না।”
তিনি আরও জানান, দীর্ঘদিনের গবেষণা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।
মন্ত্রী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলার মতো। এটি গ্রহণযোগ্য কোনো ব্যবস্থা হতে পারে না। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কেউ কোচিং বাণিজ্য করার চেষ্টা করলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে। প্রয়োজনে সরকার নিজস্ব ব্যবস্থায় ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে।”
এর আগে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের নাম ঘোষণাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের (ভিসি) নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।



