সৌদি আরব ও আমিরাতে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি

বাংলা রিডার ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদের আকাশে এসব ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।

রোববার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রিয়াদ মহানগর এলাকার আকাশে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরব একাধিকবার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে। এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, সামরিক ঘাঁটি এবং জনবসতিপূর্ণ এলাকাকে লক্ষ্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ পর্যন্ত এসব হামলায় সৌদি আরবে অন্তত দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার দাবিও করেছে ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ওই ঘাঁটিতে ১০টি ক্ষেপণাস্ত্র ও অজ্ঞাতসংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ইরানের হামলার প্রভাব ইসরায়েলেও পড়েছে বলে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে শতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কেউ সরাসরি ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা লেবানন থেকে আসা রকেটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়ির মধ্যেও অনেকে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: আল জাজিরা, এএফপি।

বিজ্ঞাপন

Recommended For You