
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের নতুন বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি)-এ আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গুদাম পরিদর্শনে যান। এ সময় ভেতরে বিপুল পরিমাণ খালি বস্তা পড়ে থাকতে দেখে তিনি সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চান।
পরিদর্শনকালে গুদামের চাবি ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এমপি। তিনি প্রশ্ন তোলেন, কেন লেবার সর্দারের কাছেও গুদামের চাবি রাখা হয়েছে এবং কীভাবে তা ব্যবহার করা হচ্ছে। বিষয়টি দায়িত্বে অবহেলা ও অনিয়মের ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।
এমপি মানিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় এনে দ্রুত তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি খাদ্য গুদামে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। নিয়মনীতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতেও যে কোনো সময় এমন পরিদর্শন চালানো হতে পারে।
পরিদর্শনকালে জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



