
বাংলা রিডার ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের আইনানুগ দায়িত্ব পালনে কেউ অবৈধভাবে বাধা দিতে পারবে না এবং কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপও গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি ও ওসিদের নিয়োগ দেওয়া হয়েছিল, যা নিয়ে প্রশ্ন রয়েছে। পদায়নের ক্ষেত্রে সার্ভিস রেকর্ড, দক্ষতা ও উপযুক্ততাকে গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করা হবে।
রাজনৈতিক কারণে বিধির বাইরে কাউকে প্রটোকল না দিতে পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনাই সরকারের লক্ষ্য।
মন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে পুলিশের ২ হাজার ৭০১ জন কনস্টেবলের শূন্য পদে নিয়োগের নির্দেশ দেওয়ার কথা জানান। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন দিতে পুলিশ বিভাগকে বলা হয়েছে।
বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, পুনরায় কমিশন গঠন করে বিষয়টি পর্যালোচনা করা হবে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার কার্যক্রম এগোবে।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স যাচাইয়ের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে দেওয়া লাইসেন্সগুলো পুনরায় পরীক্ষা করা হবে। যেসব লাইসেন্স রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে বা অযোগ্য ব্যক্তিরা পেয়েছেন, সেগুলো বাতিল করা হবে।
পাসপোর্ট সেবা নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, অনলাইন আবেদনে সহায়তাকারীদের তালিকাভুক্ত করে নির্দিষ্ট সার্ভিস চার্জ নির্ধারণ করা হলে হয়রানি কমবে। ঢাকাসহ বিভাগীয় শহরে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে এবং শিগগিরই এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হবে।
২০০৬ সালে নিয়োগবঞ্চিত এসআইদের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি তদন্ত করে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।



