
বাংলা রিডার ডেস্ক
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এর সচিব কানিজ মওলার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির মনোনীত (প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে) কোনো ব্যক্তি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে পারবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ২০৯টি আসনে জয় পায়। জোটভুক্ত গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বিজেপি একটি করে আসনে বিজয়ী হয়। জামায়াত পায় ৬৮টি আসন, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি এবং খেলাফত মজলিশ ১টি আসনে জয়ী হয়। এছাড়া ইসলামী আন্দোলন একটি আসন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭ জন নির্বাচিত হন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসনে বিজয়ী হলেও বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ আসনে শপথ নিয়েছেন। উল্লেখ্য, এবারই প্রথম প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান।



