
বাংলা রিডার ডেস্ক
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান।
এছাড়া খুলনা সিটি কর্পোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশন-এ আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশন-এ মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত এসব সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
এতে আরও উল্লেখ করা হয়, একই অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।



