
বাংলা রিডার ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকার সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগ-এ নিজ কার্যালয়ে অফিস করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর হাতে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



