থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা রিডার ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, থার্ড টার্মিনাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক এবং দ্রুত কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হলেও কিছু কারিগরি ও নেটওয়ার্কসংক্রান্ত সমস্যা রয়েছে। এছাড়া কয়েকটি বিষয়ে সুপারিশ এসেছে, যার মধ্যে কিছু অংশ পুনর্গঠন বা সংস্কারের প্রয়োজন হতে পারে। এসব বিষয় পর্যালোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হতে পারে—এমন প্রশ্নের জবাবে আফরোজা খানম বলেন, এখনই নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়। আলোচনা ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বিজ্ঞাপন

Recommended For You