চাঁদপুর প্রেস ক্লাবের সঙ্গে হৃদয়ের সম্পর্ক রয়েছে : এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ইফতার মাহফিল-২০২৬ এবং মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব ভবনের নিচতলার কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময় প্রেস ক্লাবের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের বাজার মনিটরিংয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও অনিয়ম দেখা গেলে তা প্রশাসন ও তাকে অবহিত করতে হবে। যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ও স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেন—সেদিকে নজর দেওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানান।

চাঁদপুর পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন। ৩০ পারা কোরআনের হাফেজ শিশুদের অংশগ্রহণকে তিনি সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী জানান, প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন হাফেজকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিক ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। নবনির্বাচিত এমপির নেতৃত্বে চাঁদপুরের উন্নয়নে প্রেস ক্লাব সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ। ইফতার মাহফিলের আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস ও আমান সিমেন্ট মিলস ইউনিট-২ লিমিটেডের প্রতিনিধিদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া মরহুম সদস্যদের রুহের মাগফিরাত, মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

বিজ্ঞাপন

Recommended For You