সহিংসতা ও নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত: মহাপরিচালক

বাংলা রিডার ডেস্ক

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকায় স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে একমাত্র কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে বলেও তিনি জানান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন নির্বাচনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের দায়িত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ ও নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে মোতায়েন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দীর্ঘদিন ধরে উপকূলীয় ও নদীবেষ্টিত দুর্গম অঞ্চলে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে নদীমাতৃক জেলা চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোস্ট গার্ড একটি নির্ভরযোগ্য বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।

রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকায় দায়িত্ব পালন করছে।

ইতোমধ্যে এসব প্লাটুন স্থল ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী এবং নদীবেষ্টিত ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব উত্তর, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকার ৩৯টি ভোটকেন্দ্রে কোস্ট গার্ড নিয়মিত নৌপথে টহল, বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করছে।

একই সঙ্গে অস্ত্র উদ্ধার অভিযান ও দুষ্কৃতিকারী আটক কার্যক্রমের মাধ্যমে একটি নিরাপদ ও উৎসবমুখর ভোটবান্ধব পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সবশেষে কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপকূলবাসীর নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড তার পেশাদারিত্বের সর্বোচ্চ প্রয়োগ অব্যাহত রাখবে।

এর আগে সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫৮ নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয় এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি’সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

Recommended For You