ইসলামের দৃষ্টিতে পর্দা মেনে নারীদের ভোট দেওয়া কোনো অপরাধ নয়

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে দীর্ঘদিন ভোটবিমুখ থাকা নারীদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় এ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, প্রায় ৫৫ থেকে ৫৭ বছর আগে কোনো এক পীর সাহেবের বক্তব্য বা আদেশকে বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হয়েছে। এর ফলে এই এলাকার নারীরা দীর্ঘদিন ধরে তাদের সাংবিধানিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। অথচ ইসলামের দৃষ্টিতে পর্দা মেনে নারীদের ভোট দেওয়া কোনো অপরাধ নয়।

জেলা প্রশাসক ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজ নিজ মসজিদে খুতবা ও আলোচনার মাধ্যমে এলাকার পুরুষ ভোটারদের বোঝান—ইসলামে নারীদের ভোট দেওয়া নিষিদ্ধ নয়। পরিবার-পরিজনের নারী ভোটারদের ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে পাঠাতে সবাইকে উৎসাহিত করুন। এবারের নির্বাচনে নারীদের জন্য পর্যাপ্ত ও কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা ও সম্মান অনেক বেশি। আপনারা যদি সঠিকভাবে বিষয়টি তুলে ধরতে পারেন, তাহলে এবার রূপসা দক্ষিণ ইউনিয়নে ৭০ থেকে ৮০ শতাংশ নারী ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা যায়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক সেলিম সরকার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, স্থানীয় প্যানেল চেয়ারম্যান হুমায়ুন, রাজনৈতিক নেতা সোহেল খানসহ স্থানীয় ইমাম-মুয়াজ্জিনরা।

বক্তারা বলেন, রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা প্রায় ৫৭ বছর ধরে ভোট দিতে আসছেন না। এই দীর্ঘদিনের সামাজিক জড়তা ও ভ্রান্ত ধারণা দূর করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হচ্ছে। নারীদের ভোটাধিকার নিশ্চিত করা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা শেষে ইমাম ও মুয়াজ্জিনরা প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন এবং ধর্মীয় ও সামাজিকভাবে নারীদের ভোটদানে উৎসাহিত করার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

Recommended For You