৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভির মহাপরিচালককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ সংক্রান্ত চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সমান প্রচারণার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে বিটিভিতে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী লিখিত আবেদন পাওয়ার সময়ক্রম অনুসারে দলীয় প্রধানদের জন্য প্রচারের স্লট বরাদ্দ করতে হবে। বিটিভিকে প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট ও সময়সীমা নির্ধারণ করতে হবে এবং প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত করতে হবে।

চিঠিতে বলা হয়, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার জন্য আবেদন না করায় বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিদা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার সুযোগ দিতে বলা হয়েছে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির ভোট উপলক্ষে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।

নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির সর্বোচ্চ ২৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সংখ্যা ২৫৩ জন। স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছেন। জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ২২৪ জন, জাতীয় পার্টির ১৯২ জন, গণঅধিকার পরিষদের ৯০ জন এবং এনসিপির ৩২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, ২০০৮ সালের নবম সংসদ নির্বাচন এবং ২০১৩ সালের দশম সংসদ নির্বাচনের আগেও প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়েছিল।

বিজ্ঞাপন

Recommended For You