
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, বিএনপি ইতোমধ্যে ইশতেহারের কাজ অনেকটাই সম্পন্ন করেছে। দলের সাংগঠনিক কাঠামোর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। পাশাপাশি দলের ৩১ দফা ও ২৭ দফা নিয়ে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এসব কার্যক্রমের আলোকে ইশতেহার প্রায় চূড়ান্ত এবং শুক্রবার তা ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত এক সপ্তাহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তিনি দাবি করেন, এসব অপতথ্যের প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পুরোনো ও মিথ্যা বয়ান নতুনভাবে ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ব্যক্তিগত আক্রমণে লিপ্ত হচ্ছে। বিএনপির ক্রমবর্ধমান গণসমর্থনের মুখে ওই দলটি সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা থেকে সরে এসে অপতথ্য ছড়ানোর পথ বেছে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) তার নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুর সফর করবেন।



