
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে আনুষ্ঠানিকভাবে পূর্ণ সমর্থন দিয়েছে চাঁদপুর জেলা গণফোরাম। জেলা গণফোরামের সভাপতি ও ওই আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর এ সমর্থনের ঘোষণা দেন।
গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় গণফোরামের নেতাকর্মীদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপিকে বিজয়ী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ২০১৮ সাল থেকেই গণফোরাম বিএনপির সঙ্গে রয়েছে এবং তাদের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, ড. কামাল হোসেন সংবিধান প্রণয়নকারী হলেও তাকে অপমান করা হয়েছে। সে সময় তার কথা শোনা হলে আজ দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত।
তিনি আরও বলেন, গণফোরামের সমর্থন ও সহযোগিতায় নির্বাচিত হলে চাঁদপুরের উন্নয়নে অ্যাডভোকেট সেলিম আকবরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং গণফোরাম ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না—আমরা সবাই এক।
২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় তার বাড়িঘরে হামলা হলেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করেছিলেন, যার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এবারের নির্বাচন সহজ-সরল ও শান্তিপূর্ণ হবে এবং তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান।
জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের পাঁচ লাখ ভোটারের অভিভাবক হবেন এবং জনগণের জন্য কাজ করবেন। গণফোরাম দলীয়ভাবে তাকে সমর্থন দিয়ে বিজয়ী করতে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, গণফোরাম বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী এবং ভবিষ্যতেও তারা একসঙ্গে থাকবে। তিনি আরও বলেন, গণফোরাম, গণঅধিকার পরিষদ ও আলেম সমাজের সমর্থন বিএনপির জন্য শক্তি এবং প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ।
সভায় উপস্থিত ছিলেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, গণফোরামের যুগ্ম সম্পাদক বাসুদেব মজুমদারসহ জেলা বিএনপি ও গণফোরামের নারী নেত্রীবৃন্দ এবং অন্যান্য নেতাকর্মীরা।



