এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এরা মিথ্যাবাদী। মিথ্যাবাদীরা কখনো দেশ চালাতে পারে না। যারা জনগণের সামনে বারবার মিথ্যা বলে, তারা দেশদরদি হতে পারে না।”

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

নারী সমাজকে অবমাননার অভিযোগ তুলে তারেক রহমান বলেন, সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। সমালোচনার মুখে পরে বলা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, বিশেষজ্ঞরাও জানিয়েছেন, এভাবে আইডি হ্যাক হয় না।

নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যা কথা বলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এদের একটাই পরিচয়—এরা মিথ্যাবাদী। নিজেদের স্বার্থে ধর্মকেও ব্যবহার করা হচ্ছে।”

তিনি বলেন, দীর্ঘ ১৫–১৬ বছর ধরে দেশের মানুষ তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনেও জনগণের মত প্রকাশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। যারা প্রতিবাদ করার চেষ্টা করেছে, তাদের অনেককে গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এরপরও ২০২৪ সালের জুলাই-আগস্টে দল-মত নির্বিশেষে মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে জনগণ দীর্ঘদিনের বঞ্চিত অধিকার পুনরুদ্ধার করবে।

বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন—এমন মন্তব্য করে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে পিছনে রেখে কোনোভাবেই দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রায় ২০ কোটি মানুষের মধ্যে অন্তত ১০ কোটি নারী। এই নারী সমাজকে শিক্ষিত ও স্বাবলম্বী না করে কোনো পরিকল্পনাই কার্যকর হবে না।

তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন। এর মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলা হবে, যাতে তারা কারো ওপর নির্ভরশীল না থাকেন।

একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণ, সার, বীজ ও কৃষি উপকরণ দেওয়া হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

খুলনাকে আবার শিল্পনগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, গ্যাস সংকটসহ নানা সমস্যার কারণে শিল্পাঞ্চলটি প্রায় মৃত অবস্থায় রয়েছে। বিএনপি সরকার গঠন করলে শিল্প পুনরুজ্জীবিত করা হবে এবং নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের যুব সমাজের জন্য আইটি পার্কসহ আধুনিক কর্মসংস্থানমুখী অবকাঠামো গড়ে তোলা হবে।

তারেক রহমান বলেন, বিএনপির প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। বিএনপি কাজ করে দেশের জনগণের জন্য, কোনো গোষ্ঠীর জন্য নয়।

বিজ্ঞাপন

Recommended For You