বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করল পাকিস্তান

বাংলা রিডার ডেস্ক
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে, কিন্তু ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না। বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিশ্বকাপ ইস্যুতে দিকনির্দেশনা পান। সেই আলোচনার পরই সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

ঘটনার সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিসিআই তাকে বাদ দেয়। একই কারণে বাংলাদেশও বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায়। পরে বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসির কাছে অনুরোধ করলেও তা গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে আইসিসি।

এই সিদ্ধান্তের শুরু থেকেই বিরোধিতা করে আসছিল পিসিবি। এবার সেই প্রতিবাদের অংশ হিসেবেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

Recommended For You