বিএনপি থেকে বহিষ্কার ফরিদগঞ্জের এমএ হান্নান

বাংলা রিডার ডেস্ক
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সদস্য এমএ হান্নানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এমএ হান্নানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৭ ডিসেম্বর ২০২৫ চাঁদপুর জেলা বিএনপি ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ উপজেলার সব ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করে। ওই আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন এমএ হান্নান।

দলীয় সূত্র জানায়, একাধিকবার সতর্ক করার পরও তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। বুধবার প্রতীক বরাদ্দের সময় তিনি চাঁদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘চিংড়ি’ প্রতীক গ্রহণ করেন।

এর পরপরই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

দলটি জানিয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা হবে এবং দলীয় নির্দেশনার বাইরে গিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

Recommended For You