টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে যাচ্ছে না বাংলাদেশ : অনড় বিসিবি

বাংলা রিডার ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবস্থানে অনড় রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও বিসিবি তা মানতে রাজি হয়নি।

মঙ্গলবার বিকেলে বিসিবি ও আইসিসির মধ্যে এ নিয়ে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো. শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

আলোচনায় বিসিবি ভারতে সফর না করার সিদ্ধান্তের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে জানায়। বোর্ডের পক্ষ থেকে বলা হয়, খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তাজনিত উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ পুনরায় আইসিসির কাছে তুলে ধরা হয়।

এ সময় আইসিসি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও ঘোষণা করা হয়েছে। এরপরও বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। তবে বিসিবি জানায়, তারা এ বিষয়ে অনড় থাকবে।

দুই পক্ষই বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা এবং কল্যাণই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে এ ইস্যুতে আইসিসির সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বোর্ড।

বিজ্ঞাপন

Recommended For You