
বাংলা রিডার ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করা হয়। রায় ঘোষণার ৫৭ দিন পর তা আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে আনা হলো।
রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত দুই আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
এই মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে একই মামলার আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ওই অভিযোগে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ ইতোমধ্যে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করেছে।



