
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচনী পরিবেশ যাতে কোনোভাবে প্রভাবিত না হয়, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনার আওতায় পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক ও বণিক সমিতি (চেম্বার অব কমার্স), সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ নিবন্ধিত ও অনিবন্ধিত সব ধরনের সংগঠনের নির্বাচন অন্তর্ভুক্ত থাকবে।
ইসি জানিয়েছে, এসব সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে। সংসদ নির্বাচন চলাকালে স্থানীয় বা পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্যই এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।



