ভারতীয় গণমাধ্যমের দাবি: বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, বদলাতে পারে ভেন্যু

বাংলা রিডার ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদন কার্যকর হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কায় নয়, ভারতের ভেতরেই বিকল্প ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে।

ভারতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বিসিবি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে দুবার চিঠি দিয়েছিল। তবে আইসিসির মতে, টুর্নামেন্ট শুরুর একেবারে শেষ সময়ে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে জটিল। সে কারণে বিকল্প হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমে বাংলাদেশের ম্যাচ আয়োজনের কথা ভাবছে সংস্থাটি।

এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগেই স্পষ্ট করে বলেছেন, ভারতের অন্য ভেন্যু মানে তো ভারতেই খেলা।

বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে নির্ধারিত রয়েছে। ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বিসিবি শ্রীলঙ্কায় খেলার বিষয়ে অনড় থাকলেও আইসিসি ভারতের মধ্যেই বিকল্প ভেন্যু খুঁজছে।

খবরে বলা হয়েছে, আইসিসি ও টুর্নামেন্টের সহ-আয়োজক বিসিসিআই ইতোমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ)-এর সঙ্গে যোগাযোগ করেছে। একই ধরনের তথ্য প্রকাশ করেছে এনডিটিভি।

গতকাল গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে কি না, তা কোনো গণমাধ্যম নিশ্চিত করেনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের ভেতরেই ভেন্যু পরিবর্তনের পক্ষে আইসিসি একটি যুক্তি তুলে ধরতে পারে। রোববার গুজরাটে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসি হয়তো এই উদাহরণ দেখিয়ে বলবে, নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও বাংলাদেশি কর্মকর্তারা ভারতে কাজ করছেন, তাই ম্যাচ আয়োজনও সম্ভব।

বিসিবির নিরাপত্তা উদ্বেগের সূত্রপাত গত ৩ জানুয়ারি, উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর। বিসিবির প্রশ্ন, একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো বাংলাদেশ দল, সাংবাদিক, পৃষ্ঠপোষক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে লজিস্টিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের অনুরোধ মানার সম্ভাবনা খুবই কম। আজ সোমবারই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।

তবে আইসিসি যদি ভারতের ভেতরেই ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেয়, সেটি বিসিবি গ্রহণ নাও করতে পারে। চেন্নাইয়ে ম্যাচ সরানোর গুঞ্জন প্রসঙ্গে গত শনিবার সিলেটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতেই। যেহেতু আমরা একা সিদ্ধান্ত নিচ্ছি না, সরকারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা যে অবস্থানে ছিলাম, এখনও সেখানেই আছি।’

বিজ্ঞাপন

Recommended For You