চাঁদপুরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

বাংলা রিডার ডেস্ক

মহান বিজয় দিবসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির জন্য গৌরব ও অহংকারের দিন। এমন ঐতিহাসিক দিনে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারা তার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বের বিষয়। তিনি জানান, চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনিই প্রথম মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ একটি সুন্দর নির্বাচন উপভোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে উল্লেখ করে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে কেউ এই বিজয় রুখতে পারবে না। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও দেওয়ান মো. শফিকুজ্জামান, সংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বিজয় দিবসের চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় নিয়ে নেতাকর্মীরা দিনটি উদযাপন করেন।

বিজ্ঞাপন

Recommended For You