খালেদা জিয়াকে শুক্রবার লন্ডনে নেওয়া হতে পারে

বাংলা রিডার ডেস্ক
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হতে পারে। কাতার সরকারের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করেই তাকে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিএনপির একাধিক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দল এখনো এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। ৩০ নভেম্বর ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

তার চিকিৎসায় পরামর্শ দিতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল বুধবার বিকেলে ঢাকায় আসেন। একই দিন রাত ৯টার পর চীন থেকে চার সদস্যের আরেকটি চিকিৎসক দল এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যোগ দেয়। এছাড়া যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতাল, লন্ডন ক্লিনিক ও দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চীনের আরও একটি পাঁচ সদস্যের অগ্রবর্তী চিকিৎসক দল ১ ডিসেম্বর ঢাকায় পৌঁছেছিল।

বিজ্ঞাপন

Recommended For You