
বাংলা রিডার ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশি–বিদেশি চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। পাশাপাশি দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছেন।
বিদেশে নেওয়ার বিষয়ে জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করছে। তারা যদি মনে করেন খালেদা জিয়া বিদেশে নেওয়ার জন্য উপযুক্ত এবং তা প্রয়োজন, তখনই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রস্তুতি থাকলেও বোর্ডের পরামর্শ ছাড়া এখনই কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
দেশবাসীর প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ায় দল জনগণকে সংযত থাকার এবং কোনো অনিয়ন্ত্রিত তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক বিষয়ে তথ্য দেবেন তিনি নিজে এবং অন্যান্য বিষয়ে ব্রিফ করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্য কারও বক্তব্যে কান না দেওয়ার অনুরোধ রয়েছে দলের পক্ষ থেকে।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। পরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
এদিকে, খালেদা জিয়ার নিরাপত্তা ও হাসপাতালের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে গত রাত থেকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকে ব্যারিকেড বসানো হয়েছে এবং অপ্রয়োজনীয় ভিড় প্রতিহত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।



