
বাংলা রিডার ডেস্ক
জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ পরীক্ষা করছে ভারত। তবে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে—এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, জুলাইয়ের ঘটনার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্ব একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হবেন বলে তিনি বিশ্বাস করেন। তাঁর দাবি, ভারত ইতোমধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা করছে।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, “আমরা জানি হাসিনার শক্তিশালী সমর্থক আছে। তবুও আমি আরও বেশি বিশ্বাস করতে শুরু করেছি যে আসাদুজ্জামান খান কামাল—যিনি ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত—খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে দেশে প্রত্যর্পিত হবেন।” তাঁর মতে, হাসিনার প্রায় ১৬ বছরের শাসনকালে সংঘটিত বিভিন্ন অপরাধ সামনে আসার সঙ্গে সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আরও স্পষ্ট হয়ে উঠছে।
প্রেস সচিব আরও বলেন, যত অর্থ ব্যয় করা হোক না কেন, দায় এড়ানো সম্ভব নয়। “জুলাইয়ের গণহত্যার শিকারদের বিচার এবং হাসিনা আমলের মানবাধিকার লঙ্ঘনের দায় নিরূপণে জাতি হিসেবে আমরা দৃঢ় থাকলে, সত্যের মুখোমুখি হওয়া এড়িয়ে যাওয়া তাদের জন্য দিন দিন আরও কঠিন হবে। এই প্রক্রিয়া শুরু হবে কামালকে দিয়ে—এরপর একে একে…।”



