মেজর সিনহা হত্যা মামলা : ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

বাংলা রিডার ডেস্ক
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছে হাইকোর্ট।

শনিবার (২২ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেন আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তিনি জানান, রায়ের কপি এখনও হাতে না এলেও হাইকোর্টের স্বাক্ষরিত রায় এখন প্রকাশিত হয়েছে। এর আগে চলতি বছরের ২ জুন বিচারিক আদালতের রায় বহাল রেখে হাইকোর্ট রায় দেন।

ব্যারিস্টার সরোয়ার হোসেন বলেন, “২ জুন হাইকোর্ট ফাঁসির আদেশ বহাল রেখেছিলেন। আমরা অপেক্ষা করছিলাম রায়টি কবে প্রকাশ পাবে। এখন রায় প্রকাশিত হওয়ায় আমরা সন্তুষ্ট। আসামিরা এখন আপিল করার জন্য ৩০ দিন সময় পাবেন। আপিল হলে আপিল বিভাগে শুনানি হবে। আমরা আশা করি সেখানেও এই রায় বহাল থাকবে।”

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ওসি প্রদীপ এবং পরিদর্শক লিয়াকতকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন এবং সাতজনকে খালাস প্রদান করেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক এসআই নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা এবং পুলিশের মামলার সাক্ষী নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলাটি হাইকোর্টে পাঠানো হয় এবং দণ্ডিত আসামিরা আপিল করেন। এসব শুনানি শেষে ২ জুন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ ওসি প্রদীপসহ দুইজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন।

বিজ্ঞাপন

Recommended For You