
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী পাঠান বাড়ি প্রাঙ্গণে জমকালো আয়োজনে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পাঠান বাড়ি মাঠে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দি ইঞ্জিনিয়ার্স ইন্সপেকশনের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মসিউর রহমান। অস্ট্রেলিয়ান লেবার পার্টি ও মাউন্ট বার্কার, অ্যাডিলেড শাখার ভাইস প্রেসিডেন্ট এবং পিঠা উৎসবের উদ্যোক্তা ড. জিমিউর পাঠানের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য দেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, ইউপি সদস্য নাজির হোসেন মিজি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান পাটোয়ারী ও সমাজসেবক শাহিদুল আলম মাহফুজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেতুয়া দাখিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মজিবুর রহমান ঢালী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সাবেক সাংগঠনিক সম্পাদক তানজির রহমান পাঠান জসিম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মাহাবুব গাজী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দুই দিনব্যাপী এ উৎসবে প্রায় ২০টি স্টলে শতাধিক ধরনের দেশীয় ও গ্রামীণ পরিবেশে প্রস্তুতকৃত পিঠা প্রদর্শিত হচ্ছে। পিঠার সমারোহের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক আয়োজন পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। শনিবার উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।


