
বাংলা রিডার ডেস্ক
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আগামী শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, চেয়ারপারসন খালেদা জিয়া অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে সম্মতি দিয়েছেন। তিনি মেডিকেল বোর্ডের পরামর্শ মেনে সংবর্ধনায় উপস্থিত থাকবেন।
গত বছর খালেদা জিয়া দীর্ঘদিন পর প্রথমবারের মতো প্রকাশ্য কোনো অনুষ্ঠানে যোগ দেন সেনাকুঞ্জের অনুরূপ আয়োজনে। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর ছিল তার সর্বশেষ জনসমাগমে উপস্থিতি।
এবারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।



