
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মাঠে এখন আমন ধানের শীষ বের হওয়ার সময়। কিন্তু এই মৌসুমেই ধানখেতে ভয়াবহভাবে বেড়েছে ইঁদুরের উপদ্রব। প্রতিদিনই ইঁদুর ধানগাছ কেটে নষ্ট করে দিচ্ছে, ফলে ফসল হারানোর আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফরিদগঞ্জে আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৯৯০ হেক্টর জমি, তবে বাস্তবে আবাদ হয়েছে আরও বেশি—৮ হাজার ৬০ হেক্টর জমিতে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ইঁদুরের হাত থেকে ফসল বাঁচাতে কৃষকেরা নানা পদ্ধতি অবলম্বন করছেন। কেউ খেতের মধ্যে বাঁশের কঞ্চি পুঁতে তাতে পলিথিন টাঙিয়ে দিয়েছেন, যাতে বাতাসে শব্দ হলে ইঁদুর ভয় পেয়ে পালায়। আবার কেউ খেতের চারপাশে ইঁদুর মারার ফাঁদ পেতেছেন বা ওষুধ ছিটিয়েছেন, তবুও সমস্যা কমছে না।
সাহেবগঞ্জ গ্রামের কৃষক নূর মোহাম্মদ বলেন, “দুই বিঘা জমিতে আমন চাষ করেছি। এখন শীষ আসছে, কিন্তু ইঁদুর খেতের অনেক গাছ কেটে ফেলছে। ওষুধ দিয়েও কাজ হচ্ছে না, তাই পলিথিন টাঙিয়ে রেখেছি—শব্দে হয়তো ইঁদুর ভয়ে পালাবে।”
আরেক কৃষক নুরুল আমিন জানান, “বিভিন্ন ধরনের বিষ আর টোপ ব্যবহার করেছি, তবু ইঁদুরের উৎপাত কমছে না। প্রতিদিন কিছু না কিছু গাছ কেটে ফেলে।”
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার বলেন, “ইঁদুর দমনে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। কীটনাশক প্রয়োগ, বিষ টোপ ব্যবহারসহ নানা পদ্ধতি নিয়ে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। কৃষকেরা আমাদের পরামর্শ মেনে চললে ইঁদুর নিধন সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”


