ফেসবুকে ‘হ্যাঁ-না’ পোস্টে সরগরম গণভোট ইস্যু

বাংলা রিডার ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করেই শুরু হয়েছে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের বন্যা। গণভোটকে ঘিরে এই নতুন ট্রেন্ডে মেতে উঠেছেন নেটিজেনরা। বুধবার (২৯ অক্টোবর) রাত থেকেই নিউজফিডজুড়ে ছড়িয়ে পড়েছে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা।

যদিও বেশিরভাগ পোস্টেই কোনো ব্যাখ্যা বা রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা হয়নি, তবু ধারণা করা হচ্ছে—এটি আসন্ন গণভোটের পক্ষে-বিপক্ষে অবস্থান প্রকাশের প্রতীকী প্রচারণা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোট নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ভিন্ন অবস্থানই এখন অনলাইন আলোচনার কেন্দ্রবিন্দু। বিএনপি চাইছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন হোক; অপরদিকে জামায়াত ও এনসিপি নভেম্বর মাসে বা নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।

এই অবস্থানগত পার্থক্যই এখন ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। বিএনপিপন্থী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের প্রোফাইলে ‘না’ লিখে পোস্ট দিয়েছেন। বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজ থেকে ‘হ্যাঁ’ পোস্ট করা হয়েছে।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের হাতে হস্তান্তর করেছে। কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে বা একই দিনে গণভোট আয়োজনের প্রস্তাব করা হয়েছে এবং দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা শুরু করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You