চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলা রিডার ডেস্ক
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে চাঁদপুর জেলা যুবদলের আয়োজনে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেএম সেনগুপ্ত রোড, শপথ চত্বর, শহিদ মুক্তিযোদ্ধা সড়ক ও হাজী মহসিন রোড প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মানিকুর রহমান মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি। এখন সময় ঐক্যবদ্ধভাবে মাঠে নামার। আসন্ন নির্বাচনে বিজয়ই আমাদের একমাত্র লক্ষ্য। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা ভোট চাইতে যাবেন না। জেলা বিএনপির শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে যুবদল ঐক্য বজায় রাখলে জয় আমাদের নিশ্চিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের পক্ষে ঘরে ঘরে কাজ করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
এসময় জেলা, পৌর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You