এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া : সর্বনিম্ন ২০০০ টাকা নির্ধারণ

বাংলা রিডার ডেস্ক
দীর্ঘ আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে নির্ধারণ করেছে সরকার, যার ন্যূনতম পরিমাণ হবে ২,০০০ টাকা।

রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত সম্মতি দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

অর্থ বিভাগের উপসচিব মিতু মরিয়মের সই করা চিঠিতে বলা হয়েছে, বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় রেখে এই ভাতা কার্যকর করা হচ্ছে এবং এর সঙ্গে কয়েকটি শর্তও সংযুক্ত করা হয়েছে।

মূল শর্তসমূহ:

  • ভবিষ্যতের জাতীয় বেতনস্কেল অনুযায়ী এ ভাতা সমন্বয় করতে হবে।

  • নিয়োগ প্রক্রিয়া সরকার নির্ধারিত প্রজ্ঞাপন ও নীতিমালা অনুসারে হতে হবে।

  • এ ভাতা বৃদ্ধির ফলে কোনো বকেয়া পরিশোধ করা হবে না।

  • সকল আর্থিক বিধিবিধান মানতে হবে।

  • অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

  • জিও জারি করে চার কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।

এদিকে, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। রোববার (১৯ অক্টোবর) দুপুরে তারা থালা-বাটি হাতে নিয়ে ‘ভুখা মিছিল’ করেছেন শিক্ষা ভবন অভিমুখে।

বিজ্ঞাপন

Recommended For You