খালেদা জিয়া শারীরিকভাবে স্থিতিশীল, শিগগিরই বাসায় ফেরার সম্ভাবনা

বাংলা রিডার ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক দলের সিদ্ধান্ত অনুযায়ী খুব শিগগিরই খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হতে পারে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “খালেদা জিয়া যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার থেকে এখন অনেকটা উন্নতি হয়েছে। সার্বিকভাবে তিনি স্থিতিশীল আছেন।”

উল্লেখ্য, বুধবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের জটিলতাসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You